শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে মাদরাসাশিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, তবে ওই নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ বাজেটে বরাদ্দ রাখা হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, শিক্ষকদের বেতন পরিশোধে অতিরিক্ত ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সে অর্থও বরাদ্দ ছিল না। এ কারণেই মাদরাসাশিক্ষকদের দুই মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।
মন্ত্রী জানান, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হয়েছে। ফলে জুলাই মাস থেকেই নিয়মিত বেতন দেওয়া হবে এবং একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরতদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবন পরিচালনা করতে হবে। তিনি প্রকৃত ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং এ বিষয়ে সংসদে হওয়া আলোচনার প্রসঙ্গও উল্লেখ করেন।
অনুষ্ঠানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল পর্যায়ের বিভিন্ন শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাব্বির, চট্টলা২৪

