শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রিফাইন্ড’ বা অন্য নামে হলেও কর্মসূচি নয়, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল

কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বা অন্য যে কোনো নামে হলেও আওয়ামী লীগ কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নিয়ে বিভিন্ন সময় আলোচনা দেখা যায়, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি যে নামেই আসুক না কেন—‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ‘তৃণমূল আওয়ামী লীগ’—কোনো নামেই তারা কর্মসূচি পালন করতে পারবে না।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু গণমাধ্যম তা প্রচার করছে, যা আদালতের নির্দেশনা অমান্যের শামিল।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিতে চায় না, তবে গণমাধ্যমের কাছে আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশা করে।

এ সময় জাহেদ উর রহমান জানান, তথ্য কমিশন দ্রুত গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে তিস্তা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রীর চীন সফরসহ সরকারের বিভিন্ন সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।

এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...