জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয় ২০২৪ সালের জুলাই-আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যকার একাধিক ফোনালাপ। ওই কথোপকথনে আন্দোলন দমন, আন্দোলনের নেতৃত্বদানকারীদের তালিকা তৈরি, গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরামর্শের বিষয় উঠে আসে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ফোনালাপে আন্দোলনের নেতৃত্বদানকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে তালিকা প্রস্তুত এবং আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এসব ফোনালাপ মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হয়।
রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এটি অন্যতম আলোচিত রায়।
সাব্বির, চট্টলা২৪

