ঢাকার মিরপুরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা।
তিনি জানান, এদিন আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। ফলে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনায় জড়িত অন্যদেরও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পরিদর্শক মো. আবদুল মালেক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৮ জুন স্বাস্থ্য পরীক্ষা শেষে আলভীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও মিলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ২১ জুন তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, মামলার অপর আসামি ও আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ মার্চ সকালে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
ফারুক, চট্টলা২৪

