বর্তমান সময়ে হাজার মাইল সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; তথ্যের নিরাপত্তা ও সুষ্ঠু তথ্য ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। দেশের মানুষের কাছে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে সরকার একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও তথ্য বিভ্রান্তি থেকে দেশের মানুষকে সুরক্ষা দেওয়া এখন সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনলাইন মিডিয়া প্রান্তিক কণ্ঠস্বর সঠিক তথ্য প্রচারের মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

