পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইন-শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টিরও পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাব্বির, চট্টলা২৪

