স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষকদের চাকরি ছেড়ে যাওয়া উচিত।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশগ্রহণ না করেন এবং সরকার যেন এ বিষয়ে আইন তৈরি করে। শিক্ষকরা যেন স্থানীয় সরকার নির্বাচনে না যান। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যান।”
তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নে সরকার যে বিনিয়োগ করছে, তা যেন যথাযথভাবে কাজে লাগানো যায়, সে লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, “এই উদ্যোগের সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

