বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

একক আদর্শে নয়, বৈচিত্র্য ও মুক্ত বুদ্ধিচর্চাতেই বিশ্ব সংকটের সমাধান: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো একক আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না। বরং বৈচিত্র্যকে সম্মান, ভিন্নমতের অবাধ আদান-প্রদান এবং দায়িত্বশীল বুদ্ধিচর্চার মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ’ জার্নাল ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আল-উম্মাহ ফাউন্ডেশন।

মন্ত্রী বলেন, ডিজিটাল যুগে বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা আলোচনা দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন বাস্তবতায় জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে পরিচালিত বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ সময়ের গুরুত্বপূর্ণ প্রয়োজন। তাঁর মতে, আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট গবেষণা ও জ্ঞানভিত্তিক আলোচনার একটি বিশ্বস্ত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জহির উদ্দিন স্বপন বলেন, ভাষা, জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কোনো একক পরিচয় বা গোষ্ঠীর পক্ষে বিশ্বে স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠা কিংবা বৈশ্বিক সংকটের সমাধান সম্ভব নয়। সব মতাদর্শের গবেষক ও চিন্তাবিদদের সম্মিলিতভাবে এমন সমাধান খুঁজে বের করতে হবে, যা মানবসভ্যতার কল্যাণ নিশ্চিত করবে।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার শান্তিপূর্ণ সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মত প্রকাশ করবেন এবং সুস্থ পরিবেশে মতবিনিময় হবে—এটাই গণতান্ত্রিক সংস্কৃতির মূল ভিত্তি বলে তিনি উল্লেখ করেন।

বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি—চারটি ভাষায় জার্নালটি প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ের ভুল বোঝাবুঝি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বখ্যাত তুর্কি লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই। স্বাগত বক্তব্য দেন আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালটির সম্পাদক-ইন-চিফ মোহাম্মদ জাকির হোসেন।

অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, মুসলিম বিশ্বের সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে যুক্ত করা সময়ের দাবি। তাঁর মতে, আল-উম্মাহ বিশ্বজুড়ে গবেষক, শিক্ষাবিদ ও চিন্তাবিদদের মধ্যে সংযোগ স্থাপনের কার্যকর একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে এক প্যানেল আলোচনায় মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...