বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে’: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। তিনি দাবি করেন, দলটির ‘রাজনৈতিক মৃত্যু’ হয়েছে এবং শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত চলমান জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। তাঁর ভাষ্য, অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত জুলাই আন্দোলনের সফল সমাপ্তির পেছনে পর্দার আড়ালের নানা সমন্বয় ছিল।

তিনি বলেন, “এটা পর্দার অন্তরালের কথা।”

আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জুলাই আন্দোলনের আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।”

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজিত এ অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...