জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, অভিযোগটি সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় যাচাই-বাছাই ও তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো’ ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।
এছাড়া মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করা হয়েছে এবং তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ বিষয়ে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম বলেন, শাহবাগ থানা থেকে পাঠানো ফরওয়ার্ডিং চিঠি এখনো তাদের হাতে পৌঁছায়নি। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামও বলেন, অভিযোগ দায়েরের বিষয়টি তিনি জেনেছেন। তবে এখনো সংশ্লিষ্ট নথি ডিবির কাছে পৌঁছেনি। নথি পাওয়ার পর আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাব্বির, চট্টলা২৪

