বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই শহীদদের ন্যায়বিচার ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে বিচার কিছুটা বিলম্বিত হলেও প্রকৃত অপরাধীর সঠিক বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করতে এবং আহতদের জীবনমান উন্নয়ন ও পূর্ণাঙ্গ পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।”

বিচার প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে। তবে বিচারের নামে কারও প্রতি যেন অবিচার না হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একটু বিলম্ব হোক, তবুও অন্যায়কারীর সঠিক বিচার নিশ্চিত করা হবে।”

নিজের মা খালেদা জিয়া ও প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, বরং দেশকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেন, “আমার বিশ্বাস, মা বেঁচে থাকলে তিনিও প্রতিশোধের পরিবর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার কথাই বলতেন।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের লক্ষ্য ছিল দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। তাই ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফসল।

জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের ত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শতাধিক শহীদ ও আহত পরিবারের সদস্য নিজেদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানসহ মন্ত্রিসভার সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...