ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষে নাঈম মোল্লা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য রবিন আহমেদ ও তাজ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার ডিপজলের গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত নাঈমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত রবিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর অভিযুক্ত তাজ হোসেন (১৯) দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
নিহতের বাবা মো. মজিদ মোল্লা জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামে। নাঈম আলম মার্কেটের জোড়া ব্রিজ এলাকায় একটি প্যান্টের দোকানে পাঁচ-ছয় মাস ধরে কাজ করতেন। কাজ শেষে আমবাগিচার ডিপজলের গলিতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাজের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে নাঈমের বুকে ও পেটে গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল বলেন, কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। এ সময় নাঈম ছুরিকাঘাতে নিহত হন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেনের দাবি, আমবাগিচার ডিপজলের গলিতে প্রায়ই এ ধরনের সহিংস ঘটনা ঘটে। এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয় এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের একটি অংশ এর সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে এলাকার খেলার মাঠ অচল থাকায় সেখানে মাদকসেবী ও কারবারিদের আনাগোনা বেড়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
পৃথক ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
এদিকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরটি পাঁচদোনা এলাকায় মো. সালাউদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল হোসেন (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর তিন অভিযুক্ত- শুভ মিয়া (২৬), রাজু আহমেদ (২৫) ও বাদশা মিয়া (২২) পলাতক রয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, সালাউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ফারুক, চট্টলা২৪

