ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে কঠিন শর্তে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এ ঋণ দেবে। তবে ঋণটির সুদের হার হবে প্রায় ৭ শতাংশ, যা অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার তুলনায় বেশি এবং এতে রেয়াতি সুবিধাও তুলনামূলক কম থাকবে।
সরকারের অনমনীয় ঋণ-সংক্রান্ত কমিটি এ ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইএসডিবি ঋণ প্রদানে সম্মতি জানায়। পরে মঙ্গলবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে ঋণটি অনুমোদন দেওয়া হয়।
ইআরডি সূত্র জানায়, ঋণটি আইএসডিবির লিজ ফাইন্যান্সিং মডেলে দেওয়া হবে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সুদের হার নির্ধারণী সূচক সোফর (SOFR)-এর সঙ্গে অতিরিক্ত ১ দশমিক ৬০ শতাংশ স্প্রেড যোগ হবে। বর্তমানে সোফর হার প্রায় ৫ শতাংশ থাকায় মোট সুদের হার দাঁড়াবে প্রায় ৬ দশমিক ৬০ শতাংশ, যা কার্যত প্রায় ৭ শতাংশের কাছাকাছি।
ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশের সামষ্টিক জ্বালানি সংকট মোকাবিলা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠিন শর্তের এ ঋণ গ্রহণে সম্মত হয়েছে। সহজ শর্তে উন্নয়ন সহযোগীদের অর্থায়নের সুযোগ ক্রমেই কমে আসায় এখন বাজারভিত্তিক ও তুলনামূলক উচ্চ ব্যয়সম্পন্ন বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বাড়ছে।
সরকারের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক তেল পরিশোধন সক্ষমতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩০ লাখ টনে উন্নীত হবে। এর ফলে পরিশোধিত জ্বালানি তেলের দেশীয় উৎপাদন বাড়বে এবং আমদানি নির্ভরতা কিছুটা কমবে।
ফারুক, চট্টলা২৪

