বাংলাদেশকে আরও সবুজ করে গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছ সম্পর্কে গবেষণা ও জানার পরামর্শ দিয়েছেন।
বুধবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আজকে আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন। স্মরণীয় দিন। আমরা বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।’
শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক, বাসার আশপাশে হোক- যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা সম্ভব, সেখানে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ওই গাছটি কী গাছ, কত দিন বাঁচে, কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং মানুষের কী কী উপকারে লাগে- এসব বিষয় তোমরা ইন্টারনেট ঘেঁটে গবেষণা করবে। তাহলে প্রতি বছর তোমরা অন্তত একটি গাছ সম্পর্কে জানতে পারবে।’
তিনি বলেন, গাছ বড় হলে তার সুফল শিশুরাই ভোগ করবে। স্কুলে লাগানো গাছের ছায়ায় খেলাধুলার পর শিশুরা বিশ্রাম নিতে পারবে। একইভাবে বাড়ির আশপাশে গাছ বড় হলে পরিবেশ ঠান্ডা থাকবে এবং নির্মল বাতাস উপভোগ করা যাবে।
শিশুদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসো, আমরা সকলে মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে।’
ফারুক, চট্টলা২৪

