বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য পাঁচটি উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

পোস্টে তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারাদেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের নেওয়া পাঁচ উদ্যোগ হলো—

১. পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালু রাখা:
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারাদেশে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালু রাখা হয়েছে।

২. স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সিদ্ধান্তের ক্ষমতা:
যাতায়াত বা জলাবদ্ধতার কারণে কোথাও সমস্যা হলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা পরীক্ষার সময় বাড়ানোসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩. অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ:
প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের কোনো পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।

৪. ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর:
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

৫. দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা:
ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পোস্টে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়; এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ নির্মাণের গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। তাই শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...