বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বদিউর রহমান। একই সঙ্গে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬৪তম জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। এর আগে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করে বলে জানানো হয়েছে।

পেশাগত জীবনে বদিউর রহমান দেশে ও বিদেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড ও হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর বদিউর রহমান বলেন, ২০০৮ সালে তিনি প্রথমবার ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আট বছরের দায়িত্বকালে ব্যাংকটিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। ২০২৬ সালে আবারও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে নতুন করে দায়িত্ব পাওয়াকে তিনি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দায়িত্ব যথাযথভাবে পালনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অতীতের মতো অচিরেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে।

এদিকে নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রুপটির গার্মেন্টস, অ্যাকসেসরিজ, টেক্সটাইল, স্টিল, লজিস্টিকস এবং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসহ বিভিন্ন ব্যবসায়িক বিভাগ রয়েছে।

সেলিম রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি। এর আগে তিনি ২০২১ ও ২০২৪ সালে দুই মেয়াদে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...