বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনা ফাইনালে, ঘোষণার পরও হলো না মহিষ জবাই

সিরাজগঞ্জের কামারখন্দে সাড়ে তিন হাজার ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে আলোচনায় আসা সমর্থকরা ঘোষণা দিয়েছিলেন, দলটি বিশ্বকাপের ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভোজের আয়োজন করবেন। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি।

রোববার (১৯ জুলাই) রাতে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার কথা। এর আগে গত ১৭ জুন উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা দলটি ফাইনালে উঠলে মহিষ জবাই করে খাওয়ানোর ঘোষণা দেন।

তবে ফাইনালের আগে রোববার বিকেলে ওই গ্রামে গিয়ে মহিষ জবাইয়ের কোনো আয়োজন দেখা যায়নি। স্থানীয় একটি সড়কের কালভার্টের ওপর কয়েকটি সাউন্ড বক্স বাজিয়ে আর্জেন্টিনার সমর্থকেরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।

সমর্থকদের দাবি, আলোচনায় আসার পর গ্রামের প্রবাসী আর্জেন্টিনা সমর্থকেরা দলটি ফাইনালে উঠলে মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি। ফলে মহিষ কেনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি।

আর্জেন্টিনা সমর্থক নয়ন আলী বলেন, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই গ্রামের প্রবাসী সমর্থকদের সহযোগিতায় সাড়ে তিন হাজার ফুটের পতাকা টাঙানো হয়। আর্জেন্টিনার খেলা শেষে মাঝেমধ্যে ভোজের আয়োজনও করা হয়েছে। ফাইনালে উঠলে প্রবাসী ভাইয়েরা মহিষ কিনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ফোন ও বার্তা পাঠিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই মহিষ কেনা হয়নি। তবে গ্রামের শিক্ষার্থীরা সাউন্ড বক্স বাজানো ও রাতে হালকা খাবারের আয়োজন করেছে।

এদিকে গ্রামের ব্রাজিল সমর্থক আশরাফুল সরকার বলেন, ‘আমরা প্রথমে বলেছিলাম, ব্রাজিল ফাইনালে উঠলে গরু জবাই করে খাওয়ানো হবে। আমাদের দেখাদেখি আর্জেন্টিনা সমর্থকেরা মহিষ জবাইয়ের ঘোষণা দেন। তবে ব্রাজিল ফাইনালে উঠলে আমাদের ঘোষণা অনুযায়ী অবশ্যই গরু জবাই করে খাওয়ানো হতো।’

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...