বড় রাজনৈতিক দলে পরিণত হওয়ার তাড়নায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব আদর্শ থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-রও কঠোর সমালোচনা করেছেন তিনি।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে সমালোচনায় নেমেছেন। তবে সময়ের ব্যবধানে তারাই এখন নানা বিতর্কে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির সমালোচনা করে তিনি লেখেন, তরুণদের দল হিসেবে তাদের কাছ থেকে ভিন্নধর্মী রাজনৈতিক আচরণ প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা জামায়াতকেও ছাড়িয়ে গেছে। তার দাবি, জামায়াতের এক সংসদ সদস্যকে ঘিরে ওঠা বিতর্কে এনসিপির কোনো সমালোচনামূলক অবস্থান দেখা যায়নি; বরং তারা ওই এমপির পক্ষেই অবস্থান নিয়েছে।
জামায়াতের সাম্প্রতিক সাংগঠনিক পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে দলটির জনসম্মুখে অবস্থান দুর্বল হবে। তবে লোকদেখানো শোকজ নোটিশ দিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, বড় দল হওয়ার তাড়নায় জামায়াত তাদের আদর্শ থেকে সরে এসেছে। এর ফলেই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে এবং এর রাজনৈতিক মূল্য দলটিকে দিতে হবে বলেও দাবি করেন তিনি।
ফারুক, চট্টলা২৪

