শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নির্দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তাব দিলেন জনপ্রতিনিধিরা

 

স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয় করা এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা।

আজ রোববার দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে তাঁরা এ প্রস্তাব দেন।

জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মিলিয়ে ২০ জন জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রস্তাবের কথা তুলে ধরেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, মতবিনিময়ে প্রায় সবাই বলেছেন, স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয়ভাবে হওয়া উচিত। কেউ কেউ স্থানীয় সরকারে সংরক্ষিত নারীদের ক্ষেত্রে ঘূর্ণমান পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনকে আরও অর্থবহ করার কথাও বলেছেন কেউ কেউ।

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এবং এ জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৬ মাস করা, নির্বাচনে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব এসেছে বলে জানান বদিউল আলম মজুমদার।

মতবিনিময়ে প্রতিনিধিদের প্রায় সবাই স্থানীয় সরকারের কার্যকারিতা নিয়ে কথা বলেছেন বলে জানান নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, মতবিনিময়ে তাঁরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন।

মতবিনিময় সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের বলেন, কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায়, তা নিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা সংস্কার কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা, অল্প সময়ে যেন ভোটাররা ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করা—এ ধরনের প্রস্তাব এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...