সরকার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এই নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৫৭ টাকায় বিক্রি হবে। এর আগে, বোতলজাত তেলের দাম ছিল ১৬৭ টাকা এবং খোলা তেলের ১৪৯ টাকা।
সম্প্রতি খোলা বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় ভোক্তারা এবং বিক্রেতারা বিপাকে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, বাজারে মুনাফা বাড়াতে চেনা সিন্ডিকেট কারসাজি করে মিল পর্যায়ে সরবরাহ কমিয়ে দিয়েছে, যার ফলে খুচরা বাজারেও তেলের সংকট দেখা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ক্রেতারা তেল কিনতে এসে খালি হাতে ফিরছেন। অনেক দোকানে বোতলজাত তেল সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে এবং পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। সংকটের সুযোগ নিয়ে কিছু দোকানি অতিরিক্ত দামেও তেল বিক্রি করছেন। সয়াবিন তেলের অভাবে অনেক ক্রেতা রাইস ব্র্যান তেলের দিকে ঝুঁকছেন।
বিশ্লেষকদের মতে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ভোক্তাদের এই সংকট আরও তীব্র হতে পারে।
ডেক্স রিপোর্ট/ইমন দাশ

