শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলে মাশরাফিসহ ৬৪৫ জনের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের মামলা

 

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা ও তার পিতা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে হামলা, মারধর এবং ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু দায়ের করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আরও ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ৪ আগস্ট লোহাগড়ার সি অ্যান্ড বি চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আসামিরা হামলা চালান। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠি, রড এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এমনকি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ আনা হয়েছে। হামলায় জেলা সমন্বয়ক কাজি ইয়াজুর রহমানসহ ১৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

এ মামলায় মাশরাফি ও তার পিতা ছাড়াও ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমানসহ আরও অনেক নেতাকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলায় এজাহারভুক্ত দুই আসামি জুন্নু মুন্সি ও আজাদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর নড়াইল সদর ও লোহাগড়া থানায় মাশরাফি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ নিয়ে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেক্স রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...