আর্জেন্টাইন তারকা ও টটেনহ্যামের সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য চলতি মৌসুমে ফের দুঃসংবাদ। চেলসির বিপক্ষে দীর্ঘদিন পর মাঠে ফিরেও নতুন ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার। মাংসপেশির নতুন চোটের কারণে তাকে ৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
রোববার (৮ ডিসেম্বর) চেলসির বিপক্ষে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় রোমেরোকে। প্রথমে ধারণা করা হয়েছিল তার পুরনো আঙুলের ইনজুরি ফিরে এসেছে। তবে এটি সম্পূর্ণ নতুন মাংসপেশির ইনজুরি বলে জানিয়ছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল।
রোমেরোর এই অনুপস্থিতি টটেনহ্যামের জন্য বড় ধাক্কা। টানা তিন ম্যাচ কোন জয় না দেখায় দলটি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে নেমে গেছে। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২০ পয়েন্ট।
আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আনজে পোস্টেকোগলুর দল। এরপর রোববার (১৫ ডিসেম্বর) প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে সাউদাম্পটনের। রোমেরোকে ছাড়াই এই ম্যাচগুলোতে লড়াই করতে হবে টটেনহ্যামকে।
রোমেরোর এই ইনজুরি ২০২৪ সালের বাকি সময় তার মাঠে ফেরা অনিশ্চিত করে তুলেছে। বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডারের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত ও টটেনহ্যাম সমর্থকরা।
ফারুক/এ আর ইমন/চট্টলা২৪

