সিলেটে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের হয়ে বুধবার (১১ ডিসেম্বর) মাঠে নামেন তামিম। যদিও তার প্রত্যাবর্তনের ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি—১০ বল খেলে ১৩ রানে বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাকে।
তামিম সর্বশেষ মাঠে নেমেছিলেন চলতি বছরের মে মাসে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর সাত মাসের বেশি সময় তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন। তবে এ সময়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এককভাবে কঠোর অনুশীলন চালিয়ে গেছেন।
সিলেটে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করেন তামিম। প্রথম তিন বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে দারুণ এক চার মারেন। পরে পঞ্চম ওভারে লং অফ দিয়ে ছক্কা হাঁকালেও, একই ওভারের শেষ বলে লেগ সাইডে টানতে গিয়ে বোল্ড হন। তার ইনিংসে ১ ছক্কা ও ১ চারের পাশাপাশি পুরনো ধারাবাহিকতার ছোঁয়া থাকলেও আরও বড় স্কোরের প্রত্যাশা ছিল।
চট্টগ্রাম দলের অন্য ব্যাটারদের মধ্যে মুমিনুল হক ২১ বলে ২৭ রান করেন, ইরফান শুক্কুর করেন ২০ রান। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ১৮ রান। নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রাম ৯ উইকেটে তোলে ১৩২ রান।
তামিমের জন্য এই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ, কারণ গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি। বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন তামিম। এনসিএল টি-টোয়েন্টির মাধ্যমে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার প্রাথমিক ধাপ সম্পন্ন করলেন।
ডেক্স রিপোর্ট/ইমন দাশ

