তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এর আগে নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল।
শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদে গ্রেফতার হন আল্লু অর্জুন। তাকে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ ছিল, ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে রেবতী নামের এক নারীর মৃত্যুর ঘটনায় তার ভূমিকা রয়েছে।
প্রিমিয়ারের সময় সিনেমা হলে তার উপস্থিতির কারণে প্রচুর ভিড় জমে। এই ভিড়ের চাপে পদদলিত হয়ে রেবতী মারা যান। রেবতীর পরিবারের পক্ষ থেকে আল্লু অর্জুন, তার সুরক্ষাকর্মী এবং সিনেমা হল মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
নামপল্লি আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হয়। দ্রুত শুনানির পর হাইকোর্ট তাকে জামিন প্রদান করে।
মৃত রেবতীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের কোনো ভূমিকা নেই এবং তিনি মামলাটি তুলে নেবেন।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

