গণঅভ্যুত্থানে চোখে আঘাতপ্রাপ্তদের বিনামূল্যে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি চিকিৎসক রাশেদ নিজাম চট্টগ্রামে এসেছেন। তিনি শনিবার শেভরন ক্লিনিকে ১২ জন রোগীকে চিকিৎসা দিয়েছেন।
চট্টগ্রামে গত জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সমর্থকদের হামলায় অনেক ছাত্র ও সাধারণ মানুষ আহত হন। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ হোসেন আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। শুভ জানান, কর্ণিয়ার চিকিৎসার সম্ভাবনা থাকলেও রেটিনার নেই।
ডা. রাশেদ নিজাম জানান, দুইজন রোগীর শীঘ্রই অপারেশন প্রয়োজন, একজনের আঘাতের ফলে চোখে ছানি পড়েছে, যা দেশেই চিকিৎসা করা সম্ভব। অন্য একজনের রেটিনা সার্জারি হলেও তাকে উন্নতির জন্য ৬-৭ মাস অপেক্ষা করতে হবে।
সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে আহত আন্দোলনকারীদের নিবন্ধনের ভিত্তিতে এই চিকিৎসা কার্যক্রম চলছে। আয়োজকরা বলছেন, সরকার প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে। তবে আহতরা এখনো পর্যাপ্ত সরকারি সহযোগিতা পাননি এবং ব্যক্তিগতভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন।
আহতদের সঠিক নিবন্ধনের মাধ্যমে সরকারি সহায়তা পেতে সিভিল সার্জন কার্যালয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

