পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মাত্র ৯ মাস পর আবারও অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে অবসর থেকে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তবে বিশ্বকাপের পর আর কোনো সিরিজে জায়গা পাননি তিনি।
শনিবার (১৪ ডিসেম্বর) পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এর আগে, শুক্রবার সামাজিক মাধ্যমে নিজেদের অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন এই দুই ক্রিকেটার।
২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া আমির ক্যারিয়ারের শুরুতেই দুর্দান্ত সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে তার ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে। মেলবোর্ন-ওভালে ফাইফার ও লর্ডসে ছয় উইকেট শিকার করে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নেন এই বাঁ-হাতি পেসার। একই বছর পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
আমির ক্যারিয়ারে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ২৭১ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও ব্যাটে-বলে পাকিস্তান দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাদের অবসরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান দলের দুটি অভিজ্ঞ নামের বিদায় ঘটলো।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

