বিজয় দিবসের প্রথম প্রহরে বাংলাদেশের ক্রিকেট দল দেশবাসীকে উপহার দিল এক স্মরণীয় জয়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে টাইগাররা।
১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ক্যারিবীয়রা শেষ ওভারে প্রয়োজনীয় ১০ রান তুলতে ব্যর্থ হয়। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে তারা এক বল বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয়। শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে হাসান তুলে নেন শেষ দুই উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। সৌম্য সরকার ৩২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। জাকের আলি ২৭, মিরাজ ২৬ এবং শামীম হোসেন মাত্র ১৩ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রভম্যান পাওয়েল ৩৫ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেলেন। শেখ মেহেদী হাসানের ঘূর্ণিতে বিপর্যস্ত স্বাগতিকরা ধসে পড়ে। তিনি ৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট নেন। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ নেন ২টি করে উইকেট।
এই জয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ শুরু করল, যা দেশের জন্য বিজয় দিবসে এক অনন্য অর্জন।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

