ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। এই মন্তব্যকে তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তার মতে, মোদির এই দাবি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য সরাসরি হুমকি।
সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি এটিকে ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন বলে দাবি করেছেন। তাদের এই বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।”
তিনি আরও যোগ করেন, “যখন বাংলাদেশের স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”
হাসনাতের মতে, এমন অবস্থায় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনা রক্ষার জন্য লড়াই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

