চট্টলা২৪ ডেস্ক:গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, “বোবা হয়ে আছি, আপনারা মুক্ত আছেন তো?”
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ট্রাইব্যুনালের সামনে এ ঘটনা ঘটে। এর আগে পলকসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের সবাইকে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ সময় প্রিজনভ্যানের ভেন্টিলেটর থেকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পলক বলেন, “আপনারা ভালো আছেন? আপনারা ভালো থাকলেই ভালো।” সাংবাদিকদের পক্ষ থেকে ভালো থাকার জবাব পেলে তিনি আরও বলেন, “ভাই, বোবা হয়ে আছি। আমরা বোবা। আপনারা মুক্ত আছেন তো?”
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন দমাতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ১৮ নভেম্বর ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ আর ইমন/ইমন দাশ/চট্টলা২৪

