ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতার বাড়ির পরিত্যক্ত জায়গায় গর্তে ঢুকিয়ে এক নারীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে, তবে মাথা পাওয়া যায়নি। হাতে থাকা চুরি দেখে এটিকে নারীর দেহ বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির ঘটনা ঘটে। হাঁস খুঁজতে গিয়ে স্থানীয়রা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলের ব্যবহৃত জায়গায় ধোঁয়া ও পোড়া গন্ধ পায়। সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পুড়িয়েছেন। তবে সন্দেহ হওয়ায় গ্রামের কয়েকজন ঘরের ভেতর ঢুকে দেখতে চান। এতে বাধা দিলে সন্দেহ আরও বাড়ে। পরে স্থানীয়রা গর্তে পোড়ানো একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, “মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এটি নারীর দেহ বলে ধারণা করা হচ্ছে। সিআইডি ও পিবিআই মরদেহ শনাক্তে কাজ করছে। এ ঘটনায় ফারহান রনিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

