বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে “মৃত্যুর জন্য প্রস্তুতি নাও” লেখা একটি হুমকিমূলক বার্তা পাওয়া গেছে, যা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এ ধরনের হুমকি দেখতে পান।
আহসান হাবিব সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। বর্তমানে তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় সায়েম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

