ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), এবং পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তারা নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বালুবাহী একটি ড্রাম ট্রাক ময়মনসিংহে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নেত্রকোণার দিকে যাচ্ছিল। গাছতলা এলাকায় দুইযানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরবর্তীতে আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন মারা যান।
বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে তদন্ত করছে।

