ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার সামাম্বিয়ায় ক্রিসমাসের দিন রিয়াল মাদ্রিদের ফুটবলার এনদ্রিকের শ্যালক মাওরিসিও নুনেজ গনকালভেসকে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। খবর বিইনস্পোর্টস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে একটি বারে বন্দুকধারীদের সঙ্গে নুনেজের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নুনেজ ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই। লাভিনিয়া ইনস্টাগ্রামে তার ভাইয়ের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে লিখেছেন, “তুমি এমন কিছু স্মৃতি রেখে গেলে যা কোনোদিন ভোলার নয়।”
স্থানীয়রা মনে করছেন, নুনেজের আচরণে এমন কিছু পাওয়া যায়নি যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
ব্রাজিলের পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

