চট্টলা২৪ ডেস্ক:২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের তথ্য অনুযায়ী, এই সময়কালে ৭১৬ জন বাংলাদেশি নাগরিক সীমান্ত পার হওয়ার সময় আটক হয়েছেন। তাদের মধ্যে ৪১৫ জন মুসলিম এবং ৩০১ জন হিন্দু।
তবে পুরো বছরের অনুপ্রবেশের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এ সময়কালে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। গত দুই বছরের একই সময়ের তুলনায় এ বছর সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ধরা পড়া অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল ২০৩ জন হিন্দু ও ৪৪৯ জন মুসলিম। ২০২২ সালে এ সংখ্যা ছিল ১১৪ জন হিন্দু এবং ২৯৮ জন মুসলিম।
বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের কারণে হিন্দুদের ভারতে পালানোর বিষয়টি আলোচিত হলেও বাস্তব পরিসংখ্যান সেই দাবির সঙ্গে পুরোপুরি মেলে না। ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো এ বিষয়ে যে ন্যারেটিভ উপস্থাপন করছে, তা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
‘ক্যাম্ব’-এর আহ্বায়ক মোহিত রায় বলেন, “ইতিহাস অনুযায়ী বাংলাদেশ থেকে বেশি সংখ্যক মুসলিম অনুপ্রবেশ ঘটেছে। প্রতি একজন হিন্দু অনুপ্রবেশকারীর বিপরীতে আড়াইজন মুসলিম অনুপ্রবেশকারী ভারতে আসেন, এমনটাই সরকারি তথ্যের ভিত্তিতে প্রমাণিত।”
তবে, বিএসএফ কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছেন যে ধরা পড়া অনুপ্রবেশকারীর সংখ্যা আসল সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে, কারণ অনেকেই ধরা না পড়ে সফলভাবে ভারতে প্রবেশ করেন।
এআরই/ইডি/চট্টলা২৪

