দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে। বুধবার (১ জানুয়ারি) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে ৬৬৫ কোটি টাকারও বেশি লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর আনিসুল হক ও তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট তৌফিকা করিমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ১৩ আগস্ট তাকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে রয়েছেন।
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে জয়ী হন আনিসুল হক এবং ২০১৪ সাল থেকে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। মামলার এজাহারে বলা হয়, তিনি ২০১৪ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া, তার বিরুদ্ধে ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগও আনা হয়েছে, যার মধ্যে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।
ই ডি/চট্টলা২৪

