বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামীকাল (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ এই শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হৃদজনিত সমস্যার কারণে রবীন্দ্র ঘোষ গতকাল কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তিনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তার ছেলের সঙ্গে ছিলেন এবং সেখানেই চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। এর আগে, তিনি জানিয়েছিলেন চিন্ময় দাসের জন্য আইনি লড়াইয়ে অংশ নিতে ২ জানুয়ারির আগে দেশে ফিরবেন। তবে আকস্মিক অসুস্থতার কারণে তার ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে রবীন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করেন এবং চিন্ময় দাসের মামলার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, চিন্ময় দাসের রাষ্ট্রদ্রোহ মামলায় হস্তক্ষেপ করার জন্য তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন, তবে এখনও সেই চিঠির কোনো জবাব পাননি।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় গত ২৫ অক্টোবর, যখন চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগ ওঠে। ২৭ নভেম্বর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার পরের দিন চট্টগ্রাম আদালতে মামলার শুনানিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হামলায় নিহত হন।
চিন্ময়ের জামিন শুনানির বিষয়ে তার আইনজীবীর অনুপস্থিতি পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট/ইডি/চট্টলা২৪

