নতুন বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস (২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জমি নিয়ে মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকেলে দু’পক্ষ দেশীয় অস্ত্রসহ খোলা মাঠে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা প্রায়ই সংঘর্ষের ঘটনায় শিরোনামে আসে। স্থানীয়দের মতে, ছোটখাটো বিষয় থেকেও এ অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ডেস্ক রিপোর্ট/ই ডি

