জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চালাবে সংগঠন দুটি।
শনিবার রাজধানীর বাংলামোটরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “ঘোষণাপত্র নিয়ে সরকার এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি, সরকার মানুষের মতামত জানার উদ্যোগ নেবে। প্রয়োজন হলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে আয়োজিত মার্চ ফর ইউনিটিতে আমরা ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছি। এই প্রক্রিয়ায় দেশের প্রত্যেক মানুষের অংশগ্রহণ ছিল। আমরা চাই, ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক।”
গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও জনসংযোগ চালানোর পরিকল্পনা নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ এবং অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের ওপরও জোর দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট/ই ডি

