সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে শারমীন গ্রুপের শ্রমিকরা তাদের পাওনা দাবিতে বিক্ষোভ করেছেন। চাকরিচ্যুত ৪৩০ শ্রমিকের অভিযোগ, পাওনা পরিশোধ না করেই তাদের বরখাস্ত করা হয়েছে।
শ্রমিকরা জানান, কারখানায় খাবার নিয়ে একটি ঝামেলা থেকে এ সংকটের সূত্রপাত। এ ঘটনায় প্রথমে মালিকপক্ষ বেশ কিছু শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে তদন্ত শেষে ৪৩০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। শ্রমিকরা বাংলাদেশ শ্রম আইনের ২৬ ধারায় তাদের পাওনা ও সুবিধা দাবি করে। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় তারা সড়ক অবরোধ করেছেন।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, মালিকপক্ষের ছেলের বিয়ের অনুষ্ঠানে খাওয়াদাওয়ার আয়োজন থেকে কারখানায় বিশৃঙ্খলা তৈরি হয়। বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিকী জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, গতকাল অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে রাজি হয়নি। তবে আজ নতুন করে আলোচনায় বসা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হবে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

