সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৯৪০ সালের ১৩ ডিসেম্বর শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা বকাউল কান্দির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এম আজিজুল হক। তিনি প্রয়াত পার্লামেন্ট সদস্য (এমএনএ) আব্দুর রহমান বকাউলের সন্তান।
১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, নৌপরিবহন এবং বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
পুলিশ বাহিনীতে তার অসামান্য ভূমিকা ছাড়াও তিনি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডের অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তার মৃত্যুতে পুলিশ বাহিনীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এম আজিজুল হক দেশপ্রেম, সততা এবং কর্তব্যপরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।
ডেস্ক রিপোর্ট/ই ডি

