আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত ২৫ জেলায় আড়াই হাজার এমন মামলা শনাক্ত করা হয়েছে, যা আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা হবে। বাকি মামলাগুলো ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে।
ড. আসিফ নজরুল আরও জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দায়ের করা সব মামলা ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, “৫ আগস্টের পরে যেসব হয়রানিমূলক মামলা হয়েছে, সেগুলোর একটিও সরকারের করা নয়। এসব মামলার বস্তুনিষ্ঠতা না থাকলে পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। বিচার বিভাগ এখন স্বাধীন, ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন।”
বিচারক নিয়োগে স্বচ্ছতা আনতে নতুন অধ্যাদেশের ঘোষণা দেন তিনি। এর আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে।
এছাড়া, বিবাহের ওপর আরোপিত কর বাতিল এবং সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

