আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন থাকলেও দলটির রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২২ জানুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে, দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন। তবে মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন-গুমে জড়িতদের বিচার নিশ্চিত না হলে এটি সম্ভব নয়।”
তিনি আরও জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং তাদের সহযোগীদের বিচার হবে।
বিদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা খুব কমই সমঝোতার আহ্বান জানিয়েছেন। বরং তারা অপরাধীদের স্বীকারোক্তি ও দেশের প্রতিষ্ঠানের সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছেন।”
শফিকুল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকরা বারবার ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছে। তবে নতুন প্রজন্ম এখন এসব বিষয় নিয়ে আরও বেশি সচেতন এবং তারা অতীতের অন্যায়গুলো তুলে ধরতে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের প্রচেষ্টা পুরোনো স্মৃতিগুলোকে আবার সামনে আনছে এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা তুলে ধরছে।
ডেস্ক রিপোর্ট / ই ডি

