বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হামলার ঘটনায় নিত্য নতুন তথ্য সামনে আসছে। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, হামলাকারী বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলাম শেহজাদ। তবে এ বিষয়ে স্পষ্ট প্রমাণ মেলেনি। এবার মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট নতুন রহস্য সৃষ্টি করেছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে সাইফের বাড়ি থেকে সম্ভাব্য হামলাকারীর ১৯টি ফিঙ্গারপ্রিন্ট নমুনা সংগ্রহ করা হয়েছিল। একইসঙ্গে গ্রেপ্তারকৃত শরিফুলের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়। তবে সিআইডির বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাইফের বাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টগুলোর সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই।
এতে প্রশ্ন উঠছে, আদৌ শরিফুলই সাইফের বাড়িতে হামলা চালিয়েছেন কি না। অন্যদিকে, ঝালকাঠির রুহুল আমিন, যিনি শরিফুলের বাবা বলে দাবি করেছেন, আগেই অভিযোগ তুলেছেন তার ছেলের চেহারার সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির কোনো মিল নেই।
রুহুল আমিন বলেছেন, “সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির চুল লম্বা, আর আমার ছেলে বরাবরই ছোট চুল রাখে। সে ৩০ বছর ধরে সেনাকর্মীদের মতো ছোট চুলে অভ্যস্ত।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে দাবি করেছেন, সিসিটিভি ফুটেজের ব্যক্তির সঙ্গে শরিফুলের কোনো সাদৃশ্য নেই। ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট সামনে আসার পর মামলাটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ডেস্ক রিপোর্ট/ই ডি

