কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুলে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে ৩৫৩৪ জনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে হাইকোর্ট। গত সোমবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রুল জারি করা হয়েছে।
ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত নেয়। কায়সার কামাল জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে নিয়োগ প্রক্রিয়ায় ‘অনিয়ম ও চাতুর্যের’ অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে ১৮ জন পরীক্ষার্থী রিট দায়ের করেন।
রিটে অভিযোগ করা হয়, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি এবং প্রশ্নপত্র বিক্রির ঘটনা ঘটেছে। ফলে আদালত এই নিয়োগ স্থগিতের নির্দেশ দেন। উল্লেখ্য, ২৯ জানুয়ারি এই নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের কথা ছিল।
ডেস্ক রিপোর্ট/ই ডি

