চালক পালালেন, হাওর এক্সপ্রেসের যাত্রীরা স্টেশন সুপারকে অবরুদ্ধ করলেন
মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে থামার পর চালক ট্রেন রেখে পালিয়ে গেছেন। এতে বিপাকে পড়া যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির অংশ হিসেবে সোমবার মধ্যরাত থেকে লোকোমাস্টার ও গার্ডরা কাজ বন্ধ রাখেন। এর মধ্যেই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ স্টেশনে পৌঁছায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস। কিন্তু ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি না যাওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারকে অবরুদ্ধ করেন।
যাত্রী জুবায়ের আহমেদ বলেন, “ফুপা অসুস্থ, তাই তাকে ঢাকায় নিতে চাচ্ছি। কিন্তু চালক ট্রেন রেখে পালিয়েছে। আমরা স্টেশন সুপারকে আটক করেছি, কারণ অন্য কোনো উপায় নেই।”
আরেক যাত্রী হাসানুল হক বলেন, “ঢাকা যাবে না জানলে মোহনগঞ্জ থেকে ট্রেন ছাড়ল কেন? টিকিটের টাকাও ফেরত দিচ্ছে না। সমাধান না পাওয়া পর্যন্ত আমরা স্টেশন সুপারকে ছাড়ব না।”
স্টেশন সুপার নাজমুল হক খান বলেন, “যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। চালকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। সে আমাকে ফাঁসিয়ে পালিয়েছে।”
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, যাত্রীদের শান্ত করতে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকল্প ব্যবস্থায় যাত্রীদের ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে। ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিলেন।
ডেস্ক রিপোর্ট/ই ডি

