নরসিংদীর রায়পুরার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন দৃশ্য অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে।
অভিনয়ে শেখ হাসিনার দেশত্যাগের একটি কল্পিত চিত্র তুলে ধরা হয়, যেখানে দেখা যায়, তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে দেশ ছাড়ছেন। এর আগে তাকে বলতে শোনা যায়, “কোটা মুক্তিযোদ্ধার নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে?” এরপর শিক্ষার্থীদের একটি মিছিল শুরু হয়, যেখানে স্লোগান শোনা যায়— “তুমি কে আমি কে, রাজাকার রাজাকার”, “কোটা না মেধা, মেধা মেধা”, “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”।
অভিনয়ের অন্য এক পর্যায়ে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে, তখন ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি বাজতে থাকে। পাশাপাশি মীর মাহফুজুর রহমান মুগ্ধর জনপ্রিয় সংলাপ “পানি লাগবে পানি”-ও উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, যুবদল ও মহিলাদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর বিভিন্ন অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে।
ই ডি

