লিবিয়ার ব্রেগা উপকূলে উদ্ধার হওয়া ২০টি মরদেহ বাংলাদেশি নাগরিকদের হতে পারে বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। মরদেহগুলোর পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এরইমধ্যে সেগুলোর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। নৌকাটিতে অনেক বাংলাদেশি থাকার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার পর কয়েকটি মরদেহ ভেসে আসে ব্রেগার ৪০ কিলোমিটার দূরের সাগর এলাকায়। তবে নৌকাটিতে কতজন বাংলাদেশি ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লিবিয়ার রেড ক্রিসেন্ট ধারণা করছে, উদ্ধারকৃত মরদেহগুলো বাংলাদেশিদের হতে পারে। তবে প্রমাণের অভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের নিয়ন্ত্রিত এলাকায় পাওয়া গেছে, যেখানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা পৌঁছানোর অনুমতির অপেক্ষায় রয়েছেন।
এর আগে, গত ৩০ জানুয়ারি বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ব্রেগা উপকূলে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ উপকূলে ভেসে আসে। তবে বাংলাদেশিদের মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত করতে দূতাবাস কাজ করে যাচ্ছে।
ই ডি

