চট্টগ্রামের পাঁচলাইশে দিনেদুপুরে ভবনে ঢুকে ডাকাতি চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তাররা হলেন বায়েজিদ ও আকাশ। তারা দুজনই ওই বাসায় কাজ করতেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশের প্রবর্ত্তক সংঘের বিপরীতে ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা লোকমান হাকিম আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। দুপুর ২টায় ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টায় ওই ভবনে ঢোকে চার ডাকাত। বাড়ির মালিক লোকমান হাকিম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শিল্পপতি আবুল খায়েরের মেয়ের স্বামী। ষষ্ঠতলার ওই ভবনে তিনি দ্বিতীয় তলায় থাকতেন। বেলা ১১টার দিকে ডাকাতরা তার বাসায় আক্রমণ করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়।
এরপর অভিযান চালিয়ে ঘরের দরজা ভেঙে একটি শৌচাগারের ভেতর থেকে লোকমান হাকিমকে আহত অবস্থায় উদ্ধার করে যৌথবাহিনী। এ সময় ছোরাসহ এক ডাকাতকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। বাকি দুজন পালিয়ে যান। অভিযানের এক পর্যায়ে যৌথবাহিনীর পক্ষ থেকে একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
খান/চট্টলা২৪

