সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইনে হত্যার ও ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া অনলাইনে হত্যার ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

পোস্টে সুমাইয়া জানান, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য হিসেবে তিনি এবং তার সতীর্থরা নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি তারা ইংরেজিতে একটি অভিযোগপত্র তৈরি করেছেন, যা দেওয়ার পর থেকেই তিনি লাগাতার হুমকি পাচ্ছেন।

নিজের পরিচয় তুলে ধরে সুমাইয়া লেখেন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থী হিসেবে স্কুল টুর্নামেন্ট থেকে তার ফুটবল যাত্রা শুরু। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। তবে ফুটবল তার জন্য এক “তিক্ত-মধুর” অভিজ্ঞতা হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। তরুণদের ফুটবলে আগ্রহী করতেই এই খেলায় আসার সিদ্ধান্ত নেন, কিন্তু এখন তিনি হতাশ।

তিনি আক্ষেপ করে বলেন, “পড়াশোনা, পরিবার, ঈদের আনন্দ—সব কিছু ত্যাগ করে দেশের জন্য খেলেছি, কিন্তু আমাদের সেই ত্যাগের প্রশংসা কেউ করেনি।”

জাপানিজ বংশোদ্ভূত এই বাংলাদেশি নারী ফুটবলার জানান, ফুটবল খেললে দেশ তার পাশে থাকবে—এমনটাই বাবা-মাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। “আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি ফুটবল খেলার জন্য। বিশ্বাস ছিল, বিপদে দেশ পাশে থাকবে। কিন্তু কেউ অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবে না।”

সুমাইয়া আরও জানান, তিনি ও তার সতীর্থদের পক্ষে ইংরেজিতে একটি অভিযোগপত্র লেখার পর থেকেই ভয়ংকর হুমকির মুখে পড়েছেন। “গত কয়েক দিন ধরে আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমন সব কথা বলা হচ্ছে, যা আমি কল্পনাও করতে পারি না।”

তিনি জোর দিয়ে বলেন, “স্বপ্ন অনুসরণ করার কারণে কারও এমন পরিস্থিতির মধ্যে পড়া উচিত না। জানি না, এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে কতদিন লাগবে, তবে এটি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।”

প্রসঙ্গত, সাফজয়ী ফুটবলাররা সম্প্রতি জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিং ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। অভিযোগপত্রটি ইংরেজিতে লিখে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে জমা দেন নারী ফুটবলাররা। সুমাইয়া অভিযোগপত্রটি ইংরেজিতে লিখতে সহায়তা করেছিলেন, যা তার বিরুদ্ধে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে বাংলাদেশের নারী ফুটবলে অন্যতম আলোচিত ইস্যু খেলোয়াড় ও কোচের দ্বন্দ্ব। কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চাওয়ার কথা জানিয়ে সাফজয়ী অনেক ফুটবলার অবসরের হুমকি দিয়েছেন, আর কোচ তাদের বাদ দিয়েই দল পরিচালনার ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই সুমাইয়ার অনলাইনে হুমকি পাওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...