পাবনার সুজানগরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলার মথুরাপুর দোপপাড়ার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
গ্রেফতার আব্দুল ওহাব মথুরাপুর এলাকার মৃত জাহেদ আলী শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ছিলেন। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।
পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর দোপপাড়ার আনিছুর রহমান ওরফে আনছুর বাড়ি থেকে ওহাবকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে, গ্রেফতারের পর স্থানীয়রা পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে মামলা করেন, যেখানে ওহাবকে প্রধান আসামি করা হয়। মামলায় ৬৫ জনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ওই রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।
ই ডি

